শুধু শাসকের পরিবর্তন মানেই মুক্তি নয়: রফিউর রাব্বি
আন্দোলনে স্বজন হারানো পরিবারের সদস্যরা এসব হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।
কেবল শাসকের পরিবর্তনের মধ্য দিয়ে গণমানুষের মুক্তি কখনও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
বুধবার বিকালে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আন্দোলনে হতাহতদের স্মরণে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জে নিহত দশম শ্রেণির ছাত্র মো. আদিলের বাবা আবুল কালাম, কোমল পানীয় প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হোসেন স্বজনের বড়ভাই মো. অনিক ও অটোমোবাইল মেকানিক মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার কথা বলেন।
স্বজন হারানো পরিবারগুলোর সদস্যরা এসব হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন।
আবুল কালাম বলেন, “গত ১৯ জুলাই আমার ছেলে দুপুরের ভাত খাচ্ছিল। গোলাগুলি হচ্ছে শুনে সে বাইরে বের হয়। বাসার সামনে সড়কে পাখির মত গুলি করে মারা হয় তাকে। আমি আমার ছেলের সেই রক্তমাখা শরীরটাকে ভুলতে পারি না। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমি চাই। দোষীদের ফাঁসি চাই।”
আকলিমা বলেন, “আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আমার স্বামী। বাসার সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে মাথা থেকে তার গুলিটি বের করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমি আমার তিন সন্তানকে নিয়ে এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। যে জন্য আমার স্বামী শহীদ হলেন সেই আশা যেন পূরণ হয়।”
রফিউর রাব্বি বলেন, “যদি মনে করে থাকি, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে মুক্ত হয়ে গেছি, তাহলে ভুল হবে। এ ভুল আমরা বারে বারে করে গেছি। রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া কেবল শাসকের পরিবর্তনের মধ্য দিয়ে গণমানুষের মুক্তি কখনো সম্ভব না। আমরা প্রতিবার এক স্বৈরশাসককে পরিবর্তন করে আরেক স্বৈরশাসক এনেছি।”
শেখ হাসিনার অবর্তমানে একদল দখল বাণিজ্যে লিপ্ত হয়ে গেছে দাবি করে রাব্বি বলেন, “শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আরেক স্বৈরশাসন, গডফাদার, দখলদার প্রতিষ্ঠিত হবে, এটা কোনোভাবে বরদাশত করা হবে না। ছাত্রসমাজ আন্দোলন করে বিভিন্ন সময় দেশে পরিবর্তন নিয়ে এসেছে। মনে রাখবেন, পরিবর্তন ছাত্রসমাজ এনেছে, আপনারা গত ১৫ বছর আন্দোলন করেও কোনো কূলকিনারা করতে পারেন নাই। তাই এই অর্জনকে বিকৃত করতে যাবেন না। চক্রান্ত বিভিন্নভাবে হচ্ছে, সবাইকে সচেতন থাকতে হবে।”
শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় এ সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পী অমল আকাশ।
অনুষ্ঠানে কবিতা, গান ও নৃত্য পরিবেশন করা হয়।
