ভোট গণনা ও ফলাফলে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: পরওয়ার
ময়মনসিংহের টাউন হলে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফলে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, “ভোট কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক সমাগম হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পাচ্ছিলাম। ভোট গণনা শুরু হল। সারাদেশ থেকে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকল।
“রাত ৯টার পর ‘রহস্যজনকভাবে’ মিডিয়াতে সেই ফলাফল দেওয়া বন্ধ করে দেয়। আমরা মনে করি, ভোট গণনা এবং ফলাফল তৈরির করার মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।”
শুক্রবার দুপুরে ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার দাবি করেন, “জামায়াতে ইসলামীকে অনেক সংসদীয় আসনে এক থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। সেসব আসনের সংখ্যা হবে ৫০ এর ঊর্ধ্বে। আমরা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি। বিধি অনুযায়ী, নির্বাচনের এসব বিষয় নিয়ে আমরা আদালতে যাব। যেসব আসনে অনিয়ম হয়েছে তা পুনঃগণনা করে নিরপেক্ষ তদন্ত করে ইনসাফপূর্ণ সমাধানের জন্য আদালতের শরণাপন্ন হব ইনশাআল্লাহ।”
জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল- বর্ণনা করে পরওয়ার বলেন, “আমরা দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে সুরক্ষা দেওয়ার জন্য সব সময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করব। আমরা অনিয়তান্ত্রিক, হটকারি পদ্ধতিতে সহিংসতা এবং চরমপন্থার কোনো পথকে ইসলামী পথ বলে মনে করি না।”
মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় রুকন সম্মেলনে আরো বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, আনোয়ার হাসান সুজন, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান।
