২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব‌্যবসায়ীকে জীবন্ত পুঁতে ‘হত্যাচেষ্টা’

রাজবাড়ীতে এ ঘটনায় আটক এক নারীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব‌্যবসায়ীকে জীবন্ত পুঁতে ‘হত্যাচেষ্টা’
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ব‌্যবসায়ীকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মাটিকে পুঁতে হত্যাচেষ্টার ঘটনায় আটক চারজন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

পাওনা টাকা দেওয়ার কথা বলে গাজীপুরের টঙ্গী থেকে এক ব‌্যবসায়ীকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ডেকে নিয়ে হাত-পা বেঁধে মাটিকে পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় বুধবার আটক এক নারীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন।

আহত ব‌্যবসায়ীর মো. আলম শেখ (৪৫) ময়মনসিংহের পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে। তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

আলম শেখ গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. আলম শেখ।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. আলম শেখ।

গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), একই জেলার ইয়াকুবপুরের প্রয়াত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) এবং রাজবাড়ী সদর উপজেলার ধুনচি এলাকার আনু মণ্ডলের ছেলে ফরহাদ মণ্ডল (৩৮), ও তার স্ত্রী রেশমা খাতুন।

ব‌্যবসায়ী আলম শেখ বলেন, “রেশমা খাতুন টঙ্গীতে একটি পোশাক কারখায় চাকরি করতেন। সেখানে থাকা অবস্থায় আমার কাছে কিছু টাকা ধার নেন তিনি। সেই টাকা নেওয়ার জন‌্য বালিয়াকান্দিতে আসি। টাকা না দিয়ে তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল।”

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি জামাল উদ্দিন বলেন, “টাকা নিতে আসা আলমকে বালিয়াকান্দি থেকে ফরহাদের স্ত্রী রেশমা রিসিভ করে ভীমনগর নিয়ে যান। সেখানে ফরহাদসহ ইটভাটায় কাজ করা বেশ কয়েকজন অবস্থান করছিলেন।

“আলমকে ভাটায় নিয়ে তার হাত-পা বেঁধে জীবন্ত মাটি চাপা দিয়ে হত‌্যার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রেশমাকেও আটক করা হয়।”

ওসি জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় ব‌্যবসায়ী আলম শেখ মামলা করেছেন। আটকদের আদালতে সোপর্দ করা হবে।