২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর বৃষ্টিতে রংপুর নগরীর নিম্নাঞ্চল প্লাবিত

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, দুই দিনে রংপুরে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাতভর বৃষ্টিতে রংপুর নগরীর নিম্নাঞ্চল প্লাবিত
ভারি বর্ষণে রংপুর নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

কয়েক দিন থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সোমবার রাতের ভারি বর্ষণে রংপুর নগরীর নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে। 

কোনো কোনো অলিগলি এক থেকে দেড় ফুট পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন মানুষ।   

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত নগরীতে ১১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে রংপুর আবহাওয়া কার্যালয় জানিয়েছে।

নগরীর ‘ফুসফুস’ খ্যাত শ্যামা সুন্দরী খাল খনন না করায় পানি উপচে আশপাশের বাড়িঘর ও রাস্তায় প্রবেশ করেছে। নগরীর ওপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ এই খালের অনেক স্থান তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

নগরীর মুন্সীপাড়া, মুলাটোল, বাবু খাঁ, গোমস্তপাড়া, জুম্মাপাড়া, হনুমানতলাসহ কমপক্ষে ২০ থেকে ২৫টি মহল্লার বাড়িঘর প্লাবিত হয়েছে। ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠায় স্কুলের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।

রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, দুই দিনে রংপুরে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হতে পারে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড-পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি বৃদ্ধি পেলেও এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আকস্মিক অবিরাম বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবি শস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।