পার্বত্য চট্টগ্রামের প্রথম দৈনিক ‘গিরিদর্পণ’ সম্পাদক আর নেই
১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন একেএম মকছুদ আহমেদ।
পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ‘গিরিদর্পণ’ সম্পাদক একেএম মকছুদ আহমেদ আর নেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাঙামাটি জেলারেল হাসপাতালে মারা যান বলে জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানিয়েছেন।
মৃত্যুকালে মকছুদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক ‘বনভূমি’ প্রতিষ্ঠা করেছিলাম। এরপর ১৯৮৩ সালে দৈনিক ‘গিরিদর্পণ’ প্রতিষ্ঠা করেন।
৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে ছিলেন।
গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।
‘গিরিদর্পণ’ এর সাবেক বার্তা সম্পাদক ও মকছুদ আহমেদের ঘনিষ্ঠজন নন্দন দেবনাথ বলেন, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে কন্ট্রাক্টরপাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকরা একজন অভিভাবককে হারাল।”
একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি সাংবাদিক ফোরাম, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।
