সান্তাহারে কোটা বিরোধীদের রেলপথ অবরোধ, ২ ঘণ্টা পর চালু
অবরোধের কারণে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘রুপসা এক্সপ্রেস’ বগুড়ায় আটকা পড়ে।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বগুড়ার সান্তাহারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি প্রায় ২ ঘণ্টা পর জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যস্ততায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন বলে জানান সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।
সকাল সাড়ে ১০টায় আদমদিঘী ও সান্তাহারের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সান্তাহার বিপি বিদ্যালয়ে সমবেত হয়। সেখান থেকে একটি মিছিল নিয়ে সরকারি কলেজ হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেলা ১১টার দিকে পশ্চিম কলোনি এলাকায় রেললাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা।
এর মধ্যে বেলা ১২টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘রুপসা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে এসে অবরোধ দেখে থেমে যায়।
খবর পেয়ে আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু ঘটনাস্থলে যান।
পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রায় ২ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে ১টা ৪০ মিনিটে ‘রুপসা এক্সপ্রেস’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে সক্ষম হয়েছি। তারা রেললইন থেকে সরে গেলে ট্রেন চলাচল শুরু হয়।”
আদমদিঘী থানার ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, “মিছিল শুরুর সময় শিক্ষার্থীরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। কিন্তু হঠাৎ করে তারা রেল লাইনের ওপর বসে পড়েন। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।”
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান শান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন।
এ দিকে দুপুর ১টার দিকে নওগাঁ শহরে শান্তি মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সোমবার হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পরদিন দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও সহিংসতা হয়।
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ নিহত হন। চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে নিহত হন তিনজন; যাদের মধ্যে একজন দোকান কর্মচারী, একজন ছাত্রদল নেতা এবং অপরজন ছাত্র।
এ ছাড়া ঢাকায় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে নিহত দুইজনের একজন ফুটপাতের দোকানি ও অপরজন ছাত্রলীগ কর্মী সবুজ আলী।
