কালীমন্দিরের মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই: ডিআইজি
তিনি বলেন, “এখন আমরা অনুমান করছি, চুরির সঙ্গে জড়িত ছেলেটি ওই অঞ্চলের নয়।”
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে সোনার মুকুট চুরি যাওয়ার সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক।
তিনি শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনের সময় এ কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ওই মন্দিরে স্থানীয় দুটি পক্ষের বিরোধ রয়েছে। একটি শ্রেণি ওই মন্দির নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে পুলিশ অনুসন্ধান করছে। দেশবাসী একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিষ্কার হবে।”
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি চুরি হয় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে।
মুকুটটি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানায় কোনো মামলাও হয়নি।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি বলেন, “সিসি ক্যামেরা থেকে আমরা দেখেছি, চোরটির বয়স ২৫ থেকে ৩০ মধ্যে। সে সুকৌশলে কালীমন্দিরে ঢুকে প্রতিমার পেছন থেকে চুরির কাজটি করেছে। ব্যক্তিটিকে ক্যামেরার মাধ্যমে চেনা যাচ্ছে।
তিনি বলেন, “আমরা স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছি। ছেলেটির ছবি তাদের দেখিয়েছি। এখন আমরা অনুমান করছি, ছেলেটি ওই অঞ্চলের নয়। আমরা তার নাম-ঠিকানা এখনো পাইনি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন ঘরে ঘরে দুর্গাপূজার উৎসব চলছে, আর যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, সেটা কালীমন্দির। ফলে দুর্গাপূজার সঙ্গে চুরির কোনো সম্পর্ক দেখছি না।”
এর আগে ডিআইজি শহরের লালদীঘির হরিসভা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে যশোরের এসপি জিয়াউদ্দীন আহমেদ, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, জেলা পূজা পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতন ছিলেন।
