নাটোরে এক যুগ পর যুবক হত্যার রায়, ২ জনের যাবজ্জীবন
২০১৪ সালের ২৪ ডিসেম্বর বাড়ির অদূরে একটি পুকুরপাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাটোরের সিংড়ায় এক যুবককে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রুহুল আমিন তালুকদার টগর জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন- সিংড়ার বড়গ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাসুদ রানা ও একই এলাকার ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু।
সাজার পাশাপাশি তাদের দশ লাখ টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন বলেন, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাহার ওরফে আতিককে তার পরিচিত কয়েকজন ব্যাক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘসময় পরও কাহার ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড় থেকে কাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা আব্দুর রশীদ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মিজানুর ও মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা আব্দুল কাহারকে হত্যার কথা স্বীকারও করেন।
তদন্ত শেষে পরে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।
