১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাকসু নির্বাচন: সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতে ৩ দাবি

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে তিন দাবি তুলেছেন চার শিক্ষার্থী। 

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান তারা।

দাবিগুলো হলো- ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত যাদের ছাত্রত্ব আছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত; প্রয়োজনে দ্বিতীয় মাস্টার্সে ভর্তির সুযোগ দিয়ে অংশগ্রহণ নিশ্চিত, একই শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত এবং অনলাইন ও অফলাইনে বুলিং প্রতিরোধে মনিটরিং সেল গঠন।

উর্দু বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (মুন্না), আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা ঢালী, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত হোসেন, অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি (বাপ্পী) এসব দাবি জানান। 

পরে উপাচার্য, উপ-উপাচার্য, জনসংযোগ প্রশাসক এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, দীর্ঘ আন্দোলনের পর হতে যাওয়া রাকসু নির্বাচনে অনেকেই অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরাও ভোটার বা প্রার্থী হতে পারছেন না। আশ্বাস পেলেও নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় তাদের মাস্টার্স শেষ হয়ে গেছে। এতে সক্রিয় শিক্ষার্থীদের একটি বড় অংশ নির্বাচনের বাইরে চলে যাচ্ছেন।

তারা অভিযোগ করেন, ভোটার তালিকায় বৈষম্য রয়েছে। কিছু বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থীরা অংশ নিতে পারলেও অনেক বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থীরা বাদ পড়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান বলেন, “আমরা ৫ অগাস্ট পর্যন্ত ছাত্রত্ব থাকা শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবি জানাচ্ছি। ভিসি স্যার আমাদের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি, এতে আমাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তাই এই শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা উচিত।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “যেহেতু তারা এখন নিয়মিত শিক্ষার্থী নন, তাই তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বিবেচনা করবে।”

২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এদিকে চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

রাকসু নির্বাচনভিপি পদে প্রথম নারী প্রার্থী তাসিন খান

রাকসু নির্বাচনবার বার তফসিল বদলকতদূর এগোল প্রস্তুতি?

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছে ছাত্রদল

রাকসু: প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি ছাত্রদলের

৯ ঘণ্টার ব্যবধানে ফের রাকসুর ভোটের তারিখ পরিবর্তন

রাকসু২০ সেপ্টেম্বরের মধ্যে ভোট চায় বামেরা

ষষ্ঠীতে রাকসুর ভোটশিক্ষার্থীদের ক্ষোভ