Published : 28 Aug 2025, 09:48 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের পঞ্চম দিনের মত মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে মোট ৩১ জন মনোনয়ন নিয়েছেন। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি পদে পাঁচজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রায় ২৫ জন প্রার্থী এদিন মনোনয়ন ফরম নিয়েছেন। তবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আপাতত আমাদের সংগঠনের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। তারা সেটি সংগঠনে জমা দিলে আমরা যাচাই-বাছাই করে প্যানেল ঘোষণা করবো। তখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
এদিকে মনোনয়ন উত্তোলনকারীদের মধ্যে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে একজন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে একজন, মহিলা বিষয়ক সম্পাদক পদে একজন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একজন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে একজন এবং পদ উল্লেখ ব্যতীত একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
এ ছাড়া হল সংসদে ১৭টি হলের মধ্যে মন্নুজান হলে একজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে।
সেতাউর রহমান বলেন, “আজকে বড় একটি ছাত্র সংগঠন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। সেই সঙ্গে শিক্ষার্থীরাও ফরম সংগ্রহ করছে। আমাদের হাতেও তেমন সময় নেই। আশা করি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর হবে।”
২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এদিকে চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।