০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

“উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 04:52 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চৌরখুলী ও মদনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

মৃত দুই শিশু হল- চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সী ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে আট বছর বয়সী নুসরাত খানম।

ওসি বলেন, “সকালে শিশু ওমর ফারুক বাড়ির পাশের পুকুরের কাছে খেলছিল। সবার অজান্তে সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, “মদনপাড়া গ্রামের শিশু নুসরাত খানম বাড়ির পাশের পুকুরঘাটে সকাল সাড়ে ৯টার দিকে খেলা করছিল। হঠাৎ সে পুকুরে ডুবে যায়।”  

“স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে ওসি আবুল কালাম আজাদ জানান।