২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্রসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা গ্রেপ্তার

ওসি বলেন, চাঁন সওদাগর চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৯টি মামলা বিচারাধীন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

রাজশাহীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতাকর্মীকে বিপুল অস্ত্র গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর নতুন বিলসিমলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর এবং তার দুই সহযোগী মুরাদ ও বিদ্যুৎ। এটি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন। 

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক বলেন, গ্রেপ্তার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা চাঁন সওদাগরের বাড়ি পবা উপজেলার নওদাবিল গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। তিনি নগরীর নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন। এলাকায় তিনি জামায়াত নেতা হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা ও ছোরাসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

ওসি বলেন, “চাঁন সওদাগর চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে রাজপাড়া, বোয়ালিয়া ও শাহ মখদুম থানায় ১৯টি মামলা বিচারাধীন।

“এর মধ্যে রাজপাড়া থানায় ১২টি, বোয়ালিয়া থানায় ছয়টি এবং শাহ মখদুম থানায় একটি। তিনি রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।” 

এদিকে, রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার দুপুরে উপ-কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মামুন রয়েছেন। তিনি নগরীর ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নগরীর পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২৫ জনের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাতজন, মাদক মামলায় একজন এবং বিভিন্ন অপরাদে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” 

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, “চান সওদাগর আমাদের মিছিল-মিটিংয়ে আসত। কিন্তু দলে তার কোনো পদ-পদবী নেই।”

শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম বলেন, “বিগত সরকারের আমলে জেলে থাকা অবস্থায় চান সওদাগরের সঙ্গে আমার পরিচয়। আমাকে সম্মান করত। শুনেছি, চাঁন সওদাগরকে সন্দেহমূলক আটক করা হয়েছে এবং তাকে পেটানো হয়েছে।”

শ্রমিক কল্যাণ ফেডারেশনে চান সওদাগরের কোনো পদ-পদবী নেই দাবি করে তিনি বলেন, “আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি নেই। তবে থানা কমিটি আছে। থানা কমিটির অধীনে বিভিন্ন ওয়ার্ডে থাকা ট্রেড ভিত্তিক কিছু কমিটি আছে।”