২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বর্ষবরণের রাতে গান বাজানো নিয়ে মারামারি, তরুণ খুন

এ ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জে বর্ষবরণের রাতে গান বাজানো নিয়ে মারামারি, তরুণ খুন
নিহত মো. হৃদয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইংরেজি বর্ষবরণের প্রথম প্রহরে গান বাজানোকে কেন্দ্র করে তর্কের জেরে মারামারিতে এক তরুণ খুন হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে পাগলা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

নিহত মো. হৃদয় (২০) ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।

আহতদের মধ্যে হৃদয়ের বন্ধু সানি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শরীফুল ইসলাম বলেন, বর্ষবরণ উপলক্ষে স্থানীয় যুবক ও তরুণরা গান বাজানোর আয়োজন করেন। সেখানে একটি ছোট স্টেজও করা হয়। রাত সাড়ে ১২টার দিকে গান বাজানো ও স্টেজে ওঠাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। এতে হৃদয়সহ কয়েকজন আহত হন।

গুরুতর আহত হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

হৃদয়ের বন্ধু মো. সাব্বির বলেন, “পাশের এলাকার কিছু ছেলে তাদের ওপর হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে হৃদয় ও তার বন্ধুদের কুপিয়ে আহত করে।”

এ ঘটনায় বিকালে হৃদয়ের বাবা ছয়জনের নামে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি শরীফুল ইসলাম।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।