নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
নিহতদের একজন ট্রাক চালক এবং অপরজন নার্সারি ব্যবসায়ী।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কভার্ড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাক চালকসহ দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে উপজেলার সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মণ্ডল।
নিহতরা হলেন- নার্সারি ব্যবসায়ী আল আমিন (৫৫) এবং ট্রাক চালক মো. ফয়সাল (৩৫)। তারা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্বজনরা জানান, আল আমিন অনেক বছর ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা বিক্রি করে আসছেন। এদিন ভোরে ট্রাকে করে বিভিন্ন গাছের চারা নিয়ে শহরের মাইজদীতে যাচ্ছিলেন তিনি।
পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাহ্ সিমেন্টের একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন ও ট্রাক চালক ফয়সাল মারা যান। আহত হন ট্রাকের সামনের আসনে বসা অপর এক ব্যক্তি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এসআই মিল্টন বলেন, দুইজনের লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
