Published : 01 Jul 2026, 04:15 PM
রাজবাড়ীর পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তির নাম লুৎফর বিশ্বাস (৫৫)। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে লুৎফর ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সকালে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি বলেন, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।