ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের বিকল্প নেই: প্রধান বিচারপতি
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ রেফাত আহমেদ এসব কথা বলেন।
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপ্রতি সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেছেন, “যে মহান আদর্শের উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র-জনতা জুলাই-আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে তার লক্ষ্য ছিল- দেশে সব স্তরে সামাজিক সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা।
“এ কথা অনস্বীকার্য যে, একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের কোনো বিকল্প নেই।”
প্রধান বিচারপতি বলেন, “বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সব শহীদকে এদেশের মানুষ গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এসব কথা বলেন।
এ সময় তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, “আমাদের সংবিধানেও আইনের চোখে সমতা, ন্যায়বিচারের অধিকার ও আইনের আশ্রয়লাভের অধিকারের কথা বার বার উচ্চারিত হয়েছে। আর এই সাংবিধানিক চেতনার সফল বাস্তবায়ন করবেন আপনারা।
“একজন বিচারপ্রার্থী ন্যায়বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দারস্থ হন। পরম নির্ভরতায় আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করেন। বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক একটি পবিত্র আমানত। আমি বিশ্বাস করি, সবাই তাদের পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বদা সচেষ্ট আছেন।”
তরুণ আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের স্মরণ রাখতে হবে, আপনারা মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এ মহান পেশায় এসেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনই আপনারা বিচ্যুত হবেন না। জাগতিক লোভ-লালসা আপনাদেরকে যেন পেশাগত নৈতিকতার জায়গা থেকে সরাতে না পারে সে বিষয়ে সর্বদা সচেতন থাকবেন।”
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট জাহিদ বেপারি বক্তব্য দেন।
