Published : 22 Jul 2026, 08:27 PM
ময়মনসিংহে গ্যাস না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।
তাদের দাবি, প্রায় এক মাস ধরে গ্যাসের সংকট চলছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যাচ্ছে না।
বুধবার সকালে দিঘারকান্দা বাইপাস এলাকায় গ্যাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করেন চালকরা।
একই দাবিতে বিকাল ৫টার দিকে তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন তারা।
এ বিষয়ে ময়মনসিংহ তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক হুমায়ূন কবির বলেন, “গ্যাস সংকট জাতীয় সমস্যা। এখানে আমাদের কিছু করার নেই। চালকদের বিষয়টি ভালোভাবে বলা হয়েছে। তারপরও তারা আন্দোলন করছেন।”
অটোরিকশা চালক শাহীন মিয়া বলেন, “রাত ৪টা থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছি। আমি নেত্রকোণার কেন্দুয়া থেকে এসেছি। প্রায় এক মাস ধরে এই সমস্যায় আছি। এখন নিজের বাড়িতে ফেরার মত গ্যাসও পাচ্ছি না।”
আরেক চালক রফিকুল ইসলাম বলেন, “রাত ৩টায় সিরিয়াল দিয়েছি। গ্যাস তো দেওয়া দূরের কথা পাম্পের কাউকেই পাওয়া যাচ্ছে না। ১০০ টাকার গ্যাস পেলেও বাড়িতে যেতে পারতাম।”
চালক নাঈম হাসান বলেন, “প্রতি মাসে গাড়ির কিস্তি দিতে হয়। কয়েক দিন ধরে গ্যাস না থাকায় ভাড়া চালাতে পারছি না। আয়ও বন্ধ হয়ে গেছে।”
স্টার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ভানু চক্রবর্তী বলেন, “আমরা গ্যাস পেলেই দিতে পারব। কিন্তু কখন পাব তা জানি না। ভালুকা পর্যন্ত গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলেও ময়মনসিংহে চাপ কম। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গ্যাস না পাওয়ায় চালকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
বর্তমানে ময়মনসিংহের সব পথে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।