২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ল বিদ্যালয় ভবন

ভবনটিতে থাকা ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চ ও শিক্ষাসামগ্রীসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা বিদ্যালয় কর্তৃপক্ষের।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 12:52 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

খাগড়াছড়ি সদর উপজেলার একটি বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকার পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন।

ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে হঠাৎ বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ভবনটি প্রায় ছাই হয়ে যায়।

ভবনটির ভেতরে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী পুড়ে গেছে। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা বিদ্যালয় কর্তৃপক্ষের।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের হোসেন বলেন, “জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখব বলে জানান তিনি।