১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মুন্সীগঞ্জের হবির লাশ আনার চেষ্টায় প্রশাসন

হবি পাইক ১৪ মার্চ বাগদাদের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন বলে পরিবার দাবি করেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ইরান যুদ্ধের মধ্যে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জ সদর উপজেলার হবি পাইকের মরদেহ ফেরত আনার জন্য চেষ্টা করছে বলে প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে।

উপজেলার বকুলতলা গ্রামের নলি মিয়া পাইক ও লাকী বেগমের সন্তান হবি পাইক (৪০) প্রায় ১০ বছর ধরে ইরাকের বাগদাদের কাছে থাকতেন। ১৪ মার্চ ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন বলে পরিবার দাবি করেছে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। 

বুধবার জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, বিষয়টি তারা জেনেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে হবি পাইকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এ সময় তিনি বলেন, জেলা প্রশাসন হবি পাইকের পরিবারের পাশে আছে। 

পরিবার জানায়, হবি ২০১৬ সালে ইরাকে যান। তারপর থেকে তিনি দেশে আসেননি। 

হবির স্ত্রী খাদিজা আক্তার মিতু তাদের দুই মেয়েকে নিয়ে ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় থাকেন। তাদের বড় মেয়ে হাবিবা (১৬) দশম শ্রেণিতে এবং ছোট মেয়ে (১০) আলিছা তৃতীয় শ্রেণিতে পড়ে।

এদিকে বিকালে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান, শুকনা খাবার ও ঈদ সামগ্রী নিয়ে হবি পাইকের বকুলতলার বাড়িতে যান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আবু বকর সিদ্দিক। 

এ সময় তিনি হবি পাইকের মরদেহ দেশে ফেরত নিয়ে আসা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুদান প্রাপ্তির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

ইরান যুদ্ধে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন, দুজন সৌদি আরব এবং একজন ইরাকে মারা গেছেন।

আরও পড়ুন:

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় মুন্সীগঞ্জের যুবক নিহতের খবর

দুবাইয়ে হামলায় নিহত আহমদের মরদেহ গ্রহণ করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

যুদ্ধে নিহত: সকালে ঈদের টাকা পাঠানোর কথা বললেন মোশারফ, রাতে মৃত্যুর খবর

সৌদি আরবে হামলায় নিহত যুবক কিশোরগঞ্জের বাচ্চু মিয়া

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের বাড়িতে মন্ত্রী আরিফুল, অনুদান