সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের বাড়িতে মন্ত্রী আরিফুল, অনুদান
৮ মার্চ আল খারিজ শহরে শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া নিহত হন।
যুদ্ধের মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে পৌঁছান মন্ত্রী। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
পরে মন্ত্রী নিহতের পরিবারের মাঝে তিন লাখ টাকা অনুদান দেন। এ ছাড়া সৌদি আরব সরকারের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ আদায়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানান।
পাশাপাশি পরিবারটির বসবাসের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আরিফুল।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।
এ ছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ উপস্থিত ছিলেন।
৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন।
