১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে হামলায় নিহত যুবক কিশোরগঞ্জের বাচ্চু মিয়া

দেশটির আল-খারজ শহরের ‘আল তুইক বলদিয়া কোম্পানির’ একটি শ্রমিক ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে বলে ভাষ্য স্বজনদের।

সৌদি আরবে হামলায় নিহত যুবক কিশোরগঞ্জের বাচ্চু মিয়া
নিহত বাচ্চু মিয়া।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 04:58 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা।

রোববার ইফতারের আগে দেশটির আল-খারজ শহরের ‘আল তুইক বলদিয়া কোম্পানির’ একটি শ্রমিক ক্যাম্পে হামলা তিনি মারা যান বলে কটিয়াদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান।

নিহত ৩৫ বছর বয়সী বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দুই মেয়ের বাবা।

স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকালে বাচ্চু মিয়ার বাড়িতে যান ইউএনও শামীমা ও কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান। এ সময় তারা নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

ইউএনও শামীমা বলেন, তাৎক্ষণিকভাবে বাচ্চু মিয়ার পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরে আরও সহায়তা দেওয়া হবে। 

বাচ্চুর মৃতদেহ দেশে আনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথাও তিনি বলেন।

বাচ্চু মিয়ার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী ইমরান হুসাইন বলেন, যে এলাকায় মিসাইল হামলা হয়েছে, তার কাছাকাছি একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে রোববার সৌদি আরবে হামলা ও হতাহতের এ খবর সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টের বরাতে দিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

এতে বলা হয়, আল খারজ শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল (উড়ন্ত বস্তু নিক্ষেপ) দিয়ে হামলা চালানো হয়।