২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

পুকুর ঘাটে জামা-কাপড় পড়ে থাকতে দেখে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 08:07 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।

নিহতরা হলো- ওই এলাকার স্বপন মিয়ার ছেলে সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ষষ্ট শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সামির (১১) এবং একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আল ফয়েজ মিশকাত (১১)।

অলির বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে ওই দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। জোহরের আযান হলে কয়েকজন ওজু করতে ওই পুকুরে যান। 

এ সময় পুকুর ঘাটে জামা-কাপড় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুকুরে এক শিশুর মাথা দেখতে পান তারা। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

পরে মিশকাতের সন্ধান না পেয়ে এক ঘণ্টা পর ওই পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, সামিরের মা-বাবা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সুবাদে সে নানির কাছে থেকে পড়ালেখা করত।