২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দরজা ভেঙে নারীর রক্তাক্ত ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশের ধারণা বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 11:05 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

সাভারের আশুলিয়ায় একটি ঘরের দরজা ভেঙে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে শ্রীখণ্ডিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় আশুলিয়া থানার এসআই সাইফুল্লাহ আকন্দ জানান।

নিহতরা হলেন- ওই এলাকার হাজী মাফারি মণ্ডলের ছেলে মো. নজরুল ইসলাম (৪৭) এবং একই এলাকার মৃত জামাল মোল্লার মেয়ে রেখা খাতুন (৩০)।

রেখার স্বামী দুবাই প্রবাসী। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। 

পুলিশ জানায়, বিকালে ঘরের দরজা বন্ধ দেখে এবং সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তারা রেখা খাতুনকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার হাত-পা ও শরীরে কোপানো ছিল। তার পাশেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন নজরুল ইসলাম। 

স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের বরাতে এসআই সাইফুল্লাহ আকন্দ বলেন, “নজরুলের স্ত্রী তার বাবার বাড়িতে গিয়েছেন। এই সুযোগে হয়ত নজরুল তার প্রেমিকাকে ডেকে আনেন। কোনো বিষয় নিয়ে বিরোধের জের ধরে হয়ত নজরুল প্রথমে রেখা খাতুনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরবর্তীতে তিনি নিজে আত্মহত্যা করেন। লাশের পাশ থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।”

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।