Published : 26 May 2026, 04:54 PM
ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ জানিয়েছেন।
নিহত ২৫ বছর বয়সী মো. সজিব হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন বলেন, “মাছ ধরতে নদীতে যাওয়ার পর হঠাৎ বজ্রপাত শুরু হলে আহত হয় সজীব। পরে সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম শাওন বলেন, “হাসপাতালে আনার আগেই সজীবের মৃত্যু হয়েছে।”
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি ফিরোজ আহমেদ জানান।