২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার চারটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, রুমিনের আসন ফাঁকা

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে ২ ও ৬ নম্বর আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়ার চারটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, রুমিনের আসন ফাঁকা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৪ এর নভেম্বরে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন রুমিন ফারহানা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলটির আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার কাঙ্ক্ষিত আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান মনোনয়ন পেয়েছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলের মনোনয়ন দৌড়ে ছিলেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াও। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আব্দুর রহমান সানির বড়ভাই কবীর আহমেদ মনোনয়ন পাননি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। 

আর কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে। 

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করছিলেন তার কর্মী-সমর্থক এবং দলের একাংশ। 

২০১৯ সালের একাদশ সংসদে নির্বাচনের পর বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রুমিন। তবে ২০২২ সালে ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণ-সমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ ছিলেন বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তবে রুমিন এখন সরাইলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

এ আসনটিতে দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়েও বেশি। ধারণা করা হচ্ছে শরিক দলের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্য বিএনপি আসনটি ছেড়ে দেবে বলে নেতাকর্মীদের মাঝে আলোচনা আছে।

এসব বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “মনোনয়নের ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেই প্রার্থী মনোনয়ন দিয়েছেন।”