২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপির সমাবেশে হামলা

বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার পথে ইট নিক্ষেপ করা করা হয়; পরে স্বরূপকাঠী বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 01:01 AM

Updated : 01 Sep 2022, 01:01 AM

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সমাবেশে হামলা হয়েছে।

বুধবার দুপুরে স্বরপকাঠী উপজেলার পৌর বিএনপি কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান।

হামলায় তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন বলে আলমগীরের অভিযোগ।

বিএনপি নেতা আলমগীর হোসেন বলেন, দুপুরে উপজেলার পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ ছিল তাদের। জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানোর আগে পথেই প্রথমে তাদের উপর ব্রিজের উপর থেকে ট্রলারে ইট নিক্ষেপ করা করা হয়। পরে বিএনপির কার্যালয়ের ইট ছুড়ে ও পাইপ-লাঠি নিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ নেতাকর্মী আহত হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সজল শিকদার (২৫), জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম (৩০), সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের আহবায়ক মো. হাসিবুর রহমান (২৪), যুবদল নেতা মো. ইমাম হোসেন (৪২), স্বেচ্ছাসেবক দল নেতা বেল্লাল (৩২), ফয়সাল মিয়া (২৭), মো. রাজু মিয়া (২৬), সাইফুল ইসলাম (৩৫), মো. সজিব আকন (২৮), ছাত্রদল নেতা আকাশ (২৬), মো. আকিব (২৭), মাহমুদ হাসানছি (২৫), সালেহ আহমেদ (২৭), শরিফুল ইসলাম (২৪) ও মো. আকিব (২৫) আহত হয়েছেন বলে বিএনপি নেতারা জানান।

এ বিষয়ে স্বরুপকাঠী থানার ওসি আবির মো. হোসেন বলেন, “তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।”