১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছর আগে অনলাইনে বিয়ে, প্রবাসী স্বামীকে লাইভে রেখে নারীর আত্মহত্যা

তাদের অনলাইনে বিয়ে হয়, স্বামী-স্ত্রীর সরাসরি দেখা হয়নি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 06:39 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি এলাকার বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান। 

নিহত রাবেয়া বেগম (২৪) যশোরের বেনাপোলের হৃদয় মিয়ার স্ত্রী। তিনি বাবার বাড়িতেই থাকতেন।  

নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম বলেন, ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর আগে মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে রাবেয়ার বিয়ে হয়। তাদের অনলাইনে বিয়ে হয়। সরাসরি তাদের দেখা হয়নি। 

তিনি জানান, দুপুরে রাবেয়া স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।