বরিশালে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করা হলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো আহত হওয়ার খবর তার কাছে নেই।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, সকালে বিএম কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। পরে তারা মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নেওয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তারা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অশ্বিনী কুমার হলে গিয়ে অবস্থান নেয়। পরে ওই হলের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরাও। এ সময় ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
ছাত্রলীগ নেতা এস এম সাউথ জানান, তারা ক্যাম্পাসের অবস্থান করছিলেন। এ সময় কোটা আন্দোলনকারীরা তাদের ওপর হামলা করেন। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ও নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ বছর ধরে বিএম কলেজে ছাত্রলীগের কমিটি নেই। এস এম সাউদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা পদবিহীন অবস্থায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছেন।”
বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কৃষ্ণ বড়াল বলেন, কোনো শিক্ষার্থী আহত অবস্থায় বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা নেয়নি।
