গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
স্থানীয়রা বলছে, ভোরে ওই বাড়ির পেছনের দরজা ভেঙে একদল লোক ভেতরে প্রবশ করে। তারপর তারা প্রতিটি রুমে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার ভোরের দিকে খান্দারপাড়া ইউনিয়নে বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান জানান।
তিনি বলেন, “দুপুরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।”
স্থানীয়রা বলছে, ভোরে ওই বাড়ির পেছনের দরজা ভেঙে একদল লোক ভেতরে প্রবশ করে। তারপর তারা প্রতিটি রুমে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বেলা ১১টার দিকে গ্রামের শিশুরা ওই বাড়ির পেছনের বাগানে খেলতে গিয়ে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে।
শিশুরা বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়েদুজ্জামান খান বলেন, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখো হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানানো যাবে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফায়ার সার্ভিস তাদের জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খান ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে পলাতক রয়েছেন। বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে তার মোবাইলে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
সাব্বির খান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক এমপি লেফট্যানেন্ট কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের আপন চাচা ভাই।
