লক্ষ্মীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মুখোমুখি সংর্ঘষে দুজন সড়কে ছিটকে পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়৷ গুরতর আহত নাজমুলকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন
নিহতরা হলেন হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)। হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মো. শাহজাহানের ছেলে এবং নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে তারা দুজন সড়কে ছিটকে পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়৷ গুরতর আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়৷ পরে আহত যুবক ঢাকায় পাঠানো হলে পথে তিনিও মারা গেছেন।”
এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
