২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

“আমরা বিভিন্ন জায়গায় বলেছি, জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা, সেমিকোলন বাস্তবায়ন করা হবে।”

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

জুলাই সনদে কিছু বিষয়ে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, “আমরা বিভিন্ন জায়গায় বলেছি, জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা, সেমিকোলন বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

“তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেই বিষয়গুলো সামনে রেখেই সরকার কাজ করছে।

শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, “বর্তমান সময়ের একটি বড় বিতর্ক হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।”

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৭৪ নবীন আইনজীবীকে সংবর্ধনা এবং নবনির্বাচিত কমিটিকে সম্মাননা প্রদান করা হয়

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই। একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় অচিরেই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

“বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করতে হবে। আর প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে”, যোগ করেন আসাদুজ্জামান।

তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচার বিভাগকে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আর এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত মানোন্নয়ন জরুরি।

জেলা বারের সাধারণ সম্পাদক মোল্লা মশিয়ুর রহমান নান্নুর পরিচালনায় অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী বক্তব্য দেন।

অনুষ্ঠানে খুলনার আইনজীবীরা মন্ত্রীর কাছে অতিরিক্ত বিচারক নিয়োগ, নতুন আদালত ভবন নির্মাণ, পুরাতন জেলখানার জমিতে আইনজীবীদের আধুনিক ভবন, কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি সাব রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তেরও দাবি জানান তারা।