কোভিড পরবর্তী বিশ্বের চেয়ে বাংলাদেশ বেশি গতিতে এগোচ্ছে: মতিয়া
“বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে সব ছাত্র-ছাত্রী বই পায় এমন নজির বিশ্বের কোথাও নেই।“
কোভিড মহামারী পরবর্তী সময়ে সারা বিশ্ব থেকে বাংলাদেশের অবস্থা ভাল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেছেন, “অনেকেই তো ভবিষ্যৎ বাণী করেছিলেন, করোনাভাইরাসের ফলে দেশ শেষ হয়ে যাবে। কোভিড হলেও সেটা সফল ও সঠিকভাবে মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“করোনাভাইরাস পরবর্তী সময়ে সারা পৃথিবী যে গতিতে হাঁটছে, বাংলাদেশ তার চেয়ে একটু বেশি গতি নিয়েই সামনের দিকে এগিয়ে চলছে।“
শুক্রবার নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে শিক্ষার্থী ও গরিব-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় সংসদ উপনেতা বলেন, “বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে সব ছাত্র-ছাত্রী বই পায় এমন নজির বিশ্বের কোথাও নেই। এতেই বুঝা যায়, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসন পেয়েছে; আওয়ামী লীগ মানুষের সেবার মাধ্যমে দেশ পরিচালনা করছে।”
সংসদ উপনেতা নির্বাচিত হওয়ার পর প্রথম মতিয়া চৌধুরী নির্বাচনী এলাকায় আসেন। নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিন তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এবং নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার গরিব মানুষ এবং ১৪৮টি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন।
সংসদ উপনেতার সঙ্গে নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমেল রিসিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান রুবেল, পৌর মেয়র আবু বকর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী উপস্থিত ছিলেন।
