১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

“গত ২ জুলাই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পাপ্পু, তার কিডনি ও লিভার আক্রান্ত হয়েছিল।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন সাতজন ডেঙ্গু রোগী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 06:00 PM

Updated : 08 Jul 2023, 06:00 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল পৌনে ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমএফ শামীম আহাম্মদ। 

মৃত রোগীর নাম পাপ্পু (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সাহেব আলীর ছেলে। 

শামীম আহাম্মদ জানান, গত ২ জুলাই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাপ্পু। তার একটি কানে ডেঙ্গু রোগের লক্ষণ দেখা যায়। সে অনুযায়ীই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার কিডনি ও লিভারও আক্রান্ত হয়েছিল।

“শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।” 

স্বজনরা জানিয়েছেন, পাপ্পু মুন্সীগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জ্বর নিয়েই ঈদের ছুটিতে বাড়ি যান। জ্বর না সারায় গত ২ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকাল পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত সাতজন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এ বছর এখন পর্যন্ত ৩৫ জন ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।