Published : 06 Nov 2023, 12:17 AM
সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ বলেন, রোববার দুপুরে পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক অবরোধ করার চেষ্টা করে।
এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তারা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি আরও বলেন, এ সময় ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি ও জামায়াতের তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।