সব আসনে ৪-৫ প্রার্থী, ডামিদের দরকার নেই: আবদুর রহমান
“স্বতন্ত্র প্রার্থীকে উৎসাহিত করা বা উসকানি দেওয়া দলের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করি।”
‘ডামি প্রার্থী’র বিষয়টা এসেছিল যেন কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারেন; এখন যেহেতু সব আসনেই একাধিক প্রার্থী আছেন তাই ‘ডামিদের’ দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।
ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী বলেছেন, “দলীয় সভানেত্রী শেখ হাসিনা নৌকার সব প্রার্থীকে বলেছেন, ডামি প্রার্থী রাখতে যাতে কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়।
“এইটাকে একেক জন নিজেদের সুবিধামত ব্যাখ্যা দিচ্ছেন। নেত্রী নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য ডামি প্রার্থীর কথা বলেছিলেন। কিন্তু এখন তো প্রতিটি আসনে ৪-৫ জন করে প্রার্থী আছেন, এখন তো আর ডামি বা স্বতন্ত্র প্রার্থীর দরকার নেই।”
“দল একজনকে মনোনয়ন দিয়েছে, সেখানে কোনো স্বতন্ত্র প্রার্থীকে উৎসাহিত করা বা উসকানি দেওয়া দলের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করি”, বলেন আবদুর রহমান।
ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে আচরণবিধি নিয়ে অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে জেলার চারটি আসনের প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রতিটি আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার দিন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মনোনয়নপ্রত্যাশীদের বলেছেন, কোনো আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেখতে চান না তিনি। এমনটি হওয়ার চেষ্টা হলে তিনি ব্যবস্থা নেবেন। এরপর আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নেতারা উৎসাহের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
দলের মনোনয়ন না পেয়েও আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বহিষ্কারের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা কি দলের পক্ষ থেকে বলেছি যে, যারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত আওয়ামী লীগে এখনো হয়নি।"
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সাংবাদিকদের বলেন, “ওবায়দুল কাদের সাহেব কী বলেছেন, সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন।”
এ সময় তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাহারের আগেই জোটভুক্ত দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দফারফা হবে।
