২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “আমরা থানায় সাধারণ ডায়েরি করার মাধ্যমে ঠেলে দেওয়া ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

পঞ্চগড়ের তিন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। 

বুধবার তেঁতুলিয়া উপজেলার ধানশুকা, সদর উপজেলার টোকাপাড়া এবং জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বলে বিজিবি ও পুলিশ জানিয়েছে। 

ভোরে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে ১৮ বিজিবির ভজনপুর বিওপির টহল দল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা বিষ্ণুপুর এলাকার মৃত খোকা গাজির ছেলে মনির গাজি (৩২), তার স্ত্রী সালেহা বেগম (২৫) এবং তাদের তিন শিশুকন্যা।

প্রায় একই সময়ে টোকাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩ ও ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে টোকাপাড়া বিওপির বিজিবি টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার রাজিব ফকির (২৩), তার বোন রেশমা বেগম (২২), একই এলাকার আকছেদ মোল্লা (৩০), জামেলা খাতুন (১৯) এবং বাকি দুজন শিশু।

অপরদিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজনকে ঠেলে দেয় বিএসএফ। পরে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা এলাকার আবুল কালামের ছেলে আবেদ শেখ (৪০), মাধবপাশা গ্রামের নুরুল শেখ (৭০), তার ছেলে জাকারিয়া শেখ (২২), টুটুল শেখের স্ত্রী পারভীন এবং বাকি তিনজন শিশু।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, “বাংলাদেশে ঠেলে দেওয়া পাঁচজনকে ভজনপুর বিওপির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে আইন অনুযায়ী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “উপজেলার দুটি সীমান্ত দিয়ে ঠেলে দেওযা মোট ১৩ জনকে বিজিবি হস্তান্তর করেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাচাই-বাছাই শেষে তাদের হস্তান্তর করা হবে। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “আমরা থানায় সাধারণ ডায়েরি করার মাধ্যমে ঠেলে দেওয়া ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।”