২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুরে ফেলে শিশুকে হত্যা, মা গ্রেপ্তার

রাত থেকে মনিজা খাতুন ও তার শিশু সন্তান নিখোঁজ ছিল, সকালে মাইকিং করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন মাস বয়সী এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে উপজেলার সুবর্ণসাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন।  

শিশুটির নাম মোহাম্মদ আলী। সে উপজেলার তামাই কালিয়াপাড়ার ইসহাক আলী ও মনিজা খাতুন দম্পত্তির একমাত্র সন্তান ছিল। 

পুলিশ জানায়, রোববার রাত থেকে হঠাৎ মনিজা খাতুন ও তার শিশু সন্তানকে খুঁজে পাচ্ছিল না স্বজনরা। সোমবার সকালে মাইকিং করেন তারা। পরবর্তীতে পৌর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে মনিজা খাতুনকে পাওয়া যায়। এরপর তার দেওয়া তথ্যমতে, পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। 

স্বজনরা জানান, দেড় বছর আগে উপজেলার তামাই কলিয়াপাড়ার জানবক্সের ছেলে ইসহাক আলী সুবর্ণসাড়া গ্রামের মনিজা খাতুনকে বিয়ে করেন। সন্তান প্রসবের জন্য চার মাস আগে তাকে বাবার বাড়ি পাঠানো হয়। সন্তান জন্মের পরও তিনি সেখানেই ছিলেন। মনিজা এর আগে মাথায় আঘাত পেয়েছিলেন।