সৎ ভাইজিকে অপহরণ করে মুক্তিপণ: রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার
মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে সৎ ভাইজিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ার শফিউল হাউজ নামে একটি ভাড়া বাসা থেকে ওই রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার ও অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
১৫ দিন পর উদ্ধার হওয়া পাঁচ বছর বয়সি শিশুটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের নুর মোহাম্মদের মেয়ে।
গ্রেপ্তার উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জয়নাল (১৯) ও তার স্ত্রী পারভীন আক্তার (৩০)।
মামলার নথির বরাত দিয়ে ওসি জানান, গত ৬ অগাস্ট সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হয় নুর মোহাম্মদের শিশু কন্যা। এরপর বিভিন্ন ফোন নম্বর থেকে নূর মোহাম্মদের কাছে মেয়ের জন্য ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কন্যাকে ফেরত পেতে নানা বিকাশ নম্বরে দেড় লাখ টাকা পরিশোধের পরও আরও সাড়ে ৬ লাখ টাকা দাবি করা হয়। না হলে শিশুকে হত্যার হুমকি দেওয়া হয়।
রোববার এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে নুর মোহাম্মদ।
তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বুধবার ভোরে কক্সবাজার শহরের রুমালিয়ার একটি ভাড়া বাসা থেকে রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তারের পর অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “পারভীন আক্তার মামলার বাদীর নুর মোহাম্মদের সৎ বোন।”
মামলায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
