১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে

“গাজীপুরের আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ আসামির নেতৃত্বে সাধারণ ছাত্র জনতার ওপর হামলা করেছে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 02:43 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলার আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ আদেশ দেন।

এদিন কিরণকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই নাজমুস সাকিব সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী এম এম ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, “জুলাই আন্দোলনের সময় রাজধানীর কয়েকটি এলাকায় ভয়ঙ্করভাবে হামলা হয়। এর মধ্যে উত্তরা এলাকা একটি। গাজীপুরের আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ আসামির নেতৃত্বে সেখানে সাধারণ ছাত্র জনতার ওপর হামলা করেছে।

“এ হামলায় তার সঙ্গে আর কে কে জড়িত? অস্ত্রগুলো কোথায় আছে? এসব বিষয় জানার জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

মামলার বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।

এ সময় ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে মামলা দায়ের করেন।

এর আগে গতব ছরের ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে পুলিশ।