২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ২৫ দিনেও উদ্ধার হয়নি ‘অপহৃত’ স্কুলছাত্রী

এতে ক্ষুব্ধ ও হতাশ মেয়েটির স্বজনরা।

গোপালগঞ্জে ২৫ দিনেও উদ্ধার হয়নি ‘অপহৃত’ স্কুলছাত্রী
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ দিনেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ দশম শ্রেণির স্কুলছাত্রী।  

ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের খান্দারপাড়া গ্রামে। 

এর ৫ দিন পর গত ২০ জুলাই মেয়েটির ভাই বাদী হয়ে হাসিব ফকির (২০), সাগর ফকির (২০), মাহাবুব ফকির (২৬), হাবিবুর ফকির (২৫) ও দেলোয়ার ফকিরকে (৫৫) আসামি করে মুকসুদপুর থানায় একটি অপহরণ মামলা করেন।

পরে পুলিশ মাহাবুব ফকিরকে গ্রেপ্তার করে। 

অন্য আসামিদের গ্রেপ্তার ও ওই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুকসুদপুর থানার এসআই মো. রাসেল খান জানিয়েছেন। 

মামলার নথি থেকে জানা গেছে, ওই ছাত্রী একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

গত ১৫ জুলাই বিদ্যালয়ের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষে দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল সে। পথে আগে থেকে ওঁতপেতে থাকা হাসিব ফকিরসহ আসামিরা জোর করে মেয়েটিকে ইজিবাইকে তোলার চেষ্টা করে। তখন সঙ্গে থাকা দুই বান্ধবী বাধা দেয়। তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ধস্তাধস্তি করে ওই শিক্ষার্থীকে ইজবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায় আসামিরা।  

ওই শিক্ষার্থীর সহপাঠী বলেন, “১৫ জুলাই পরীক্ষা শেষে আমরা তিন বান্ধবী স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পথে হাসিব ফকির ও সাগর ফকির ইজিবাইকে করে সেখানে আসেন। আমার বান্ধবীকে ইজিবাইকে উঠতে বলেন। সে রাজি হয়নি। পরে হাসিব জোর করে তাকে ইজিবাইকে তোলেন। বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমি ইজিবাইককের সামনে গিয়ে দাঁড়াই। আমার উপর দিয়ে ইজিবাইক চালিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পরে প্রাণভয়ে আমি সরে দাঁড়াই।”  

মামলার বাদী মেয়েটির ভাই বলেন, “এলাকার বখাটে হিসেবে পরিচিত হাসিব ফকির আমার বোনকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার বোনকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এনিয়ে তাকে ও তার পরিবারকে বার বার সতর্ক করা হয়েছে। এর মধ্যে গত ১৫ জুলাই স্কুল থেকে আসার পথে আমার বোনকে জোর করে অপহরণ করেছে হাসিব ও অন্য আসামিরা। তারপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এটি নিয়ে শালিস বৈঠক করেছেন। 

“সেখানে প্রতিশ্রুতি দিলেও তারা আমার বোনকে ফিরিয়ে দেয়নি। পরে বাধ্য হয়ে আমি থানায় মামলা করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমার বোনকে এখনো উদ্ধার করতে পারেনি।” 

বাদী আরো বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তা এটি মীমাংসা করতে বলছেন। আমরা মীমাংসা চাই না, বোনকে ফেরত চাই।” 

তবে মীমাংসার প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেন এসআই মো. রাসেল খান।