০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভারি বর্ষণে পাহাড় ধস: বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

“চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 10:54 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকালে সড়কের অন্তত তিনটি স্থানে এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, “গত রাত (শনিবার) থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে খাগড়াছড়ি থেকে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। “

তিনি আরও বলেন, চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ”

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের  বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, শনিবার থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দীঘিনালায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।