২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ১১৩ কেজি ওজনের শাপলা পাতা মাছ জব্দ

এই মাছ শিকার, হত্যা, সংগ্রহ, ক্রয়-বিক্রয়, মজুদ বা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নোয়াখালীতে মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে ১১৩ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ অর্ধকাটা অবস্থায় জব্দ করা হয়েছে। পরে সেটি মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার সকালে সোনাপুর পৌর বাজারে বন বিভাগ এ অভিযান পরিচালনা করে বলে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানিয়েছেন।

তিনি বলেন, শাপলা পাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। এটি সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাস করে এবং ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী খেয়ে পরিবেশের খাদ্যচক্র ও ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

“কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা ও বাসস্থান ধ্বংসের কারণে বর্তমানে এ প্রজাতি মারাত্মক হুমকির মুখে পড়েছে।”

বন কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, “ভোরে সোনাপুর বাজারের একজন ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন। গোপন সংবাদে সকাল ৮টার দিকে বনবিভাগ সেখানে অভিযান চালায়।

“এই সময় ১১৩ কেজি ওজনের মাছটি মাঝখানে কাটা অবস্থায় জব্দ করা হয়।”

তিনি বলেন, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী শাপলা পাতা মাছ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এই প্রাণী শিকার, হত্যা, সংগ্রহ, ক্রয়-বিক্রয়, মজুদ বা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। এ আইনে অপরাধ প্রমাণিত হলে জরিমানা ও কারাদণ্ড উভয় দণ্ডের বিধান রয়েছে।

“মাছটি মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। আর ব্যবসায়ীকে এমন কাজ পুনরায় করবে না মর্মে মুছলেকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।”

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান খলিল।