২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে গণভোটের সভায় ১৬১ ‘ফ্যাসিস্ট’ শিক্ষকের নাম ঘোষণা আম্মারের

উপাচার্য সালেহ হাসান নকীব মঞ্চে এসে রাকসুর জিএসকে থামিয়ে তালিকা জমা দেওয়ার অনুরোধ জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 06:18 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ক মতবিনিময় সভার মধ্যেই ১৬১ শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের নাম ঘোষণা করেছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

প্রশাসন জানায়, মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

অনুষ্ঠানের ধারাবাহিকতায় সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা।

তার বক্তব্য শেষ হওয়ার পরপরই ডেস্কে উপস্থিত হন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। এ সময় হাতে কিছু কাগজ নিয়ে তিনি মঞ্চের সামনে এসে সঞ্চালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের কাছে বক্তব্য দেওয়ার জন্য এক মিনিট সময় চান। 

তবে জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে আম্মার আগেই বক্তব্য দেওয়ায় সঞ্চালক তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। পরে অনুষ্ঠানের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের কাছে অনুরোধ জানালে তাকে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়।

বক্তব্যে আম্মার বলেন, “এখানে এমন মানুষ বসে আছেন, যারা জুলাইয়ে নীরব ছিলেন। এমন মানুষও আছেন, যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছেন।” 

এ সময় তিনি পুন্ড্র ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। একপর্যায়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষকদের নাম ঘোষণা করতে গেলে সঞ্চালক তাকে বাধা দেন। তবে তিনি থামেননি। 

সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ কয়েকজন শিক্ষকের নাম ঘোষণা করলে সঞ্চালক চেয়ার ছেড়ে উঠে আম্মারকে থামার জন্য অনুরোধ করে বলেন, “আম্মার অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হচ্ছে।”

এ সময় আম্মার বলেন, “অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে, যখন ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোটের আলোচনা করা হচ্ছে। এখানে ১৬১ জন শিক্ষকের নাম আছে। আমাকে এটা বলতে দিতে হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্য সালেহ হাসান নকীব মঞ্চে এসে আম্মারকে থামান এবং অনুষ্ঠান শেষে তার কাছে তালিকা জমা দেওয়ার অনুরোধ জানান। উপাচার্যের আশ্বাসে আম্মার অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ ও কর্মসূচি ঘোষণা

মতবিনিময় সভা শেষে সিনেট ভবনেই সংবাদ সম্মেলন করেন সালাহউদ্দিন আম্মার। এ সময় তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে অর্থায়ন, বয়ান নির্মাণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান এবং পুলিশের হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলে আওয়ামীপন্থি ১৬১ জন শিক্ষকের একটি তালিকা প্রকাশ করেন। 

তালিকায় রয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অবায়দুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, আইসিটি সেন্টারের সাবেক পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা, শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার।

সংবাদ সম্মেলনে আম্মার বলেন, “৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত না হলে সভাস্থলের বাইরে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমার সঙ্গে সংহতি জানাবেন। তবে কেউ না এলেও আমি একাই দাঁড়িয়ে থাকব।”