Published : 02 Jun 2026, 07:02 PM
খুলনা নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাচিবুনিয়া স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে বলে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান।
২১ বছর বয়সী নিহত কাজী রাশিদুল ইসলাম লবণচরা কৃষ্ণনগর এলাকার কাজী আনিসুর রহমানের ছেলে। তিনি নগরীর একটি ছাপাখানার কর্মচারী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, কয়েকজন পরিচিত ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে প্রায় দেড় কিলোমিটার দূরের স্কুলভিটা এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাশিদুলের বাবা আনিসুর রহমান বলেন, ১৯ মার্চ বাড়িতে ঢুকে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় জড়িত ব্যক্তিরাই তার ছেলেকে হত্যা করেছে।
পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে একটি মামলায় রাশিদুল কারাগারে যান। সেখানে ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই সূত্রে ইমরানের পরিবারের সঙ্গে রাশিদুলের ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে।
একপর্যায়ে ইমরানের স্ত্রীর সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হয়। প্রায় আট মাস আগে ইমরান আরেকটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ওই নারীকে বিয়ে করেন।
এ ঘটনার জেরে ১৯ মার্চ একদল লোক রাশিদুলের বাড়িতে ঢুকে তার বাবা আনিসুর রহমান, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইছুল ইসলাম ও স্ত্রী ফাহিমাকে গুলি করে আহত করে। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ১৯ মার্চের গুলির ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”