১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় ‘বিনামূল্যে’ চা খাওয়ালেন দোকানি

“এম এ মুহিত দুঃসময়ে দলের পাশে থেকেছেন। দল তাকে মনোনয়ন দেওয়ায় আমি অনেক খুশি হয়েছি।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় আনন্দে সিরাজগঞ্জের শাহজাদপুরে দোকানে আগত ক্রেতাদের বিনা মূল্যে চা খাওয়ালেন স্থানীয় এক চা দোকানি।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির প্রাথী হিসেবে এম এ মুহিত মনোনয়ন পাওয়ার খবর পেয়েে মঙ্গলবার সকাল থেকে চা বিতরণ শুরু করেন দোকানি মো. শাহিন।

শাহিন শাহজাদপুর শহরের দারিয়াপুর বাজারের পাটারি পট্টিতে চায়ের দোকান চালান। 

দুপুর পর্যন্ত অন্তত ২০০ জনকে চা খাওয়ানো হয়েছে দাবি করে এ চা দোকানি বলেন, “সারা দিনব্যাপী এ কার্যক্রম চলবে।”

এম এ মুহিত সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। গত ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। 

তার বাবা প্রয়াত চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মতিন জাতীয় পার্টির (এরশাদ) আমলে উপ-প্রধানমন্ত্রী ছিলেন। 

তার মামা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে এবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন।

শাহিন বলেন, “আমি ছোট বেলা থেকেই বিএনপিকে মনেপ্রাণে ভালোবাসি। এম এ মুহিত দুঃসময়ে দলের পাশে থেকেছেন। দল তাকে মনোনয়ন দেওয়ায় আমি অনেক খুশি হয়েছি।”

আসন্ন নির্বাচনে এম এ মুহিতকে ভোট দিতে আহ্বানও জানান তিনি।