নারীকে তুলে নেওয়ার ভিডিও: পুলিশ বলছে, বাবা মেয়েকে বাড়িতে নিয়েছে
১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অন্ধকারের মধ্যে কিছু লোকজন জোর করে এক তরুণীর (১৮) হাত-পা বাঁধছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়ে অভিযোগ করেছেন, তার স্ত্রীকে কিছু মানুষ রাতের আঁধারে তুলে নিয়ে গেছে। এজন্য তিনি সহযোগিতা কামনা করেন।
শনিবার গভীর রাতে ভাইরাল হওয়া ওই ভিডিও সম্পর্কে রাঙ্গাবালী থানার ওসি মো. ইমারৎ হোসেন বলেছেন, “মেয়েটির বাবা-চাচা ও স্বজনরা মিলে তাকে নিজেদের বাড়ি নিয়ে গেছেন। মেয়েটি পরিবারের অসম্মতিতে ওই এলাকার এক যুবককে বিয়ে করেছিলেন বলে দাবি করেছেন। তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।”
শনিবার গভীর রাতে উপজেলার মাঝের দেওর গ্রামের মৃত কাসেম গাজীর ছোট ছেলে কামাল গাজী এই ভিডিওটি ফেইসবুকে পোস্ট করলেও তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অন্ধকারের মধ্যে কিছু লোকজন জোর করে এক তরুণীর (১৮) হাত-পা বাঁধছেন। এ সময় ওই তরুণীকে কান্নাকাটি করতে দেখা যায়। তিনি ‘বাঁচাও- বাঁচাও’ বলে চিৎকার করছিলেন।
পুলিশ জানায়, মেয়েটি কয়েক দিন আগে কামাল গাজীর বাড়িতে আশ্রয় নেন। কামাল রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। আগে বিষয়টি কোনো পক্ষই থানায় জানায়নি। বলা হচ্ছে, ছেলে-মেয়ে বিয়ে করেছে। কিন্তু কেউ বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এই অবস্থার মধ্যে শনিবার গভীর রাতে মেয়েটির পরিবার তাকে জোর করে বাড়ি নিয়ে যায়। এ সময় সেখানে মেয়েটির স্বজনদের সঙ্গে কয়েকজন বিএনপি নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
মেয়েটির বাবা পুলিশকে অবহিত করলে এই পরিস্থিতির সৃষ্টি হত না মন্তব্য করে রাঙ্গাবালী থানার ওসি মো. ইমারৎ হোসেন রোববার বিকালে বলেন, কোনো পক্ষই এখনও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
মেয়েটির বাবা বলছিলেন, ১৫ দিন আগে তার মেয়ে বাড়ি থেকে পালিয়ে কামাল গাজীর বাড়িতে গিয়ে ওঠেন। বিয়ের কাগজপত্র দেখতে চাইলে ছেলে পক্ষ কোনো কিছুই দেখাতে পারেননি। মেয়েও কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
“আমি, আমার ভাই ও মেয়ের মামাকে সঙ্গে নিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। এর সঙ্গে আর কেউই জড়িত নয়। মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ অথবা কারো কাছে কোনো অভিযোগ করিনি।”
একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তুলে নিয়ে যেতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মেয়ের ভবিষ্যৎ চিন্তা করেই তাকে নিয়ে এসেছি। সে আমার বাড়িতেই আছে। ওই ছেলে ভাল না। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সবই শেষ হয়ে গেল। মেয়ে এইচএসসি পাশ করেছে। দুই মেয়ের মধ্যে সেই বড়। মেয়েকে এক-দুই বছর রাখার পর কামাল মুক্তিপণ চাইত।”
এ ব্যাপারে জানতে ছাত্রলীগ নেতা কামাল গাজীর মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে কামাল গাজীর বড় ভাই মো. সাদ্দাম গাজী সাংবাদিকদের জানান, কিছু দিন আগে পরিবারের অসম্মতিতে ছোট ভাই কামাল গাজী ওই মেয়েকে বিয়ে করেছেন বলে জানতে পারেন। পরিবার বিয়ের বিষয়টা জানত না। ১৫ দিন আগে তারা বাড়িতে এসে বাসবাস শুরু করে। বিষয়টি বিব্রতকর হওয়ায় মেয়ের বাবাকে মোবাইল ফোনে জানাই। এবং মেয়েকে নিয়ে যেতে অনুরোধ করা হয়। কিন্তু মেয়ের পরিবার বিষয়টি নিয়ে উদাসীন ছিল।
সাদ্দাম গাজী বলেন, তার ভাই কামাল গাজী ছাত্রলীগ করতেন। যে কারেণে ওই মেয়েকে বাড়িতে রেখে তাকে পালিয়ে থাকতে হয়।
“গতকাল রাত ১২টার দিকে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস গাজীর ঘরে আমকে ডাকা হয়। তখন সেখানে মেয়ের বাবা ছাড়াও তাদের আরও আট থেকে ১০ জন উপস্থিত ছিলেন। তারা আমাকে কামাল গাজীর স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন। এরপরই তারা মেয়েকে জোর করে তুলে নিতে আসে। মেয়ে যেতে আপত্তি জানায়। এক পর্যায়ে জোর-জবরদস্তি করে হাত-পা বেঁধে তুলে নেওয়া হয়।”
এ সময় বৃদ্ধা মা চিনু বিবি (৫৫) মেয়েকে সাহায্য করতে এগিয়ে এলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন সাদ্দাম গাজী।
