২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ৪

“কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে ও তিনজনকে পিটিয়ে আহত করা হয়।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

নোয়াখালীর হাতিয়ায় মারামারি মামলার আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগও উঠেছে।

শনিবার সন্ধ্যার দিকে চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান।

আহতরা হলেন- চরিকিং ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), একই ইউনিয়ন যুবদল কর্মী মো. রুবেল (৩৫) মো. মনির (৩৮) ও হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।  

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারীর অভিযোগ, গত ১৩ ডিসেম্বর রাতে ব্রিজ বাজারে একটি চায়ের দোকানে তাকে কুপিয়ে জখম করে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের ও তার সহযোগীরা। ঘটনার চারদিন পর ১৭ ডিসেম্বর তাহেরসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি। 

শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় ভৈরব বাজারে অভিযানে যান হাতিয়া থানার এসআই মাহবুব উদ্দিন। এ সময় মামলার এজাহারনামীয় আসামি রিয়াজকে দেখিয়ে দেন তিনি। 

মোজাক্কেরের ভাষ্য, “এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালান।

“এ সময় তারা কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে এবং আরও তিনজনকে পিটিয়ে আহত করেন।” 

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের বক্তব্য পাওয়া যায়নি।  

ওসি সাইফুল আলম বলেন, “এলাকায় আধিপত্য নিয়ে গত ১৩ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। শনিবার সন্ধ্যায় ভৈরব বাজারে অভিযান চালিয়ে এ ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

“ঘটনাস্থল থেকে আসামি নিয়ে পুলিশ থানায় ফেরার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।