সৌদি আরবে নিয়ে নির্যাতন, বরিশালে প্রবাসীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
মামলায় উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে দুইজনকে সৌদি আরবে নিয়ে নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে সৌদি আরবে নিয়ে নির্যাতনের অভিযোগে দুই প্রবাসীসহ ছয়জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার পাচারের শিকার দুই ব্যক্তি বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করলে বিচারক মো. সোহেল আহম্মেদ একটি এজাহার হিসেবে এবং অপরটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।
একটি মামলার বাদী বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মো. মনির তালুকদার এবং অপরটি বাদী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম।
মনির তালুকদারের মামলায় আসামিরা হলেন- সৌদি প্রবাসী মনির ফকির, তার স্ত্রী সম্পা বেগম, বাবা তোরাই ফকির ও মা জাহানারা বেগম। ইব্রাহিমের মামলার আসামি সৌদি প্রবাসী সাইফুল ইসলাম ও তার স্ত্রী নুপুর বেগম।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, “প্রবাসী মনির ও সাইফুল সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। এতে সাড়া দিয়ে মনির ফকির তিন লাখ ও ইব্রাহিম সাড়ে চার লাখ টাকা দেন তাদের।
“ইব্রাহিম ২০২২ সালের ৭ জুন সৌদি আরবে যান। যাওয়ার পর তাকে মরুভূমিতে শাক-সবজির ক্ষেতে চাকরি দেওয়া হয়। সেখানে চাকরি করতে না চাইলে, তাকে নির্যাতন করা হয়। পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর তিনি দেশে ফেরেন।”
তিনি বলেন, “মনির তালুকদার ২০২৪ সালের ৬ এপ্রিল সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাকে একটি ঘরে আটকে রাখা হয়। পরে তার কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করা হয়।
“এক পর্যায়ে মনির অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হলে ১ জানুয়ারি দেশে ফেরেন তিনি। দেশে ফিরে তারা টাকা ফেরত চাইলে দুজনকে হত্যার হুমকি দেওয়া হয়। ন্যায় বিচার পেতে মামলা করেছেন দুই ভুক্তভোগী।”
শুনানি শেষে আদালত মনির তালুকদারের মামলা এজাহার হিসেবে এবং ইব্রাহিমের মামলা তদন্ত করে গৌরনদী ও বাবুগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী তুহিন।
