২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

অপতথ্য-অসত্য এখনও বন্ধ হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে পিআইবির কর্মশালায় এই মন্তব্য করেন ইয়াসের খান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 11:04 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ফ্যাসিস্ট সরকারের আমলের মতো এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য ছড়িয়ে মানুষকে হেয়-প্রতিপন্ন করা বন্ধ হয়নি বলে বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় বা পরিচিত ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার চালানো হয়নি। 

“এমনকি অপতথ্য ও অসত্য তথ্য দিয়ে হয়রানি থেকে আমাদের মা-বোনদেরকেও রেহাই দেওয়া হয়নি। তাদেরকে হেয়-প্রতিপন্ন করা হয়েছে। এটা ছিল মানবাধিকার লংঘনের সামিল। অপতথ্য ও অসত্য তথ্য আগে যেভাবে চাউর হত, তা এখনও বন্ধ হয়নি।”

শনিবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে সাংবাদিকদের আরও সচেতন, দক্ষ ও দায়িত্বশীল হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রকৃত সাংবাদিক নয়, তারাই এ অপপ্রচারগুলো চালাচ্ছে; যার কারণে প্রকৃত সাংবাদিকদের দুর্নাম হচ্ছে।”

তিনি বলেন, ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে ভুল ও অসত্য তথ্য শনাক্ত করে তা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শক্তিশালী করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমের যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে যেন কেউ অবস্থান নিতে না পারে এবং বিগত দিনের ফ্যাসিবাদী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সংবাদকর্মীদের সচেতন দৃষ্টি রাখতে হবে।”

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ও হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।