২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

“শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পাবেন। তাদের বেতন পরিশোধ না করে কারখানার মূল ফটকে সাধারণ ছুটির নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে।”

বিডিনিউজ২৪

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

ঢাকার সাভার উপজেলায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার সকালে উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলের বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের কাঠগড়ার আমতলা এলাকার সড়ক অবরোধ করেন ‘ছেইন অ্যাপারেলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা। 

এতে ওই আঞ্চলিক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

শ্রমিকরা জানান, প্রতি মাসে বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এ ছাড়া তারা সকালে কাজে যোগ দিতে এসে দেখতে পান ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে মূল ফটকে নোটিশ লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 

এতে শ্রমিকরা অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। 

দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সান্ত্বনা দিকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকরা আঞ্চলিক সড়কটি ছেড়ে দেন। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।                                                                                                                           

শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুল হক সজিব বলেন, “বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

বাংলাদেশ গামের্ন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পাবেন। তাদের বেতন পরিশোধ না করে কারখানার মূল ফটকে সাধারণ ছুটির নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। 

“শ্রমিকরা সকালে কারখানায় এসে ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি কারখানা সাধারণ ছুটি ঘোষণার নোটিশ দেখতে পেয়ে ফুঁসে উঠেন।” 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, “বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।” 

এ বিষয়ে কথা বলতে ছেইন অ্যাপ্যারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।